আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন || আগরতলার প্রজ্ঞা ভবনের ৩ নম্বর প্রেক্ষাগৃহে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সংক্রামক বোভাইন রাইনোট্রাকাইটিস (আইবিআর), থিলেরিওসিস এবং সিস্টিসারকোসিস রোগের বিরুদ্ধে ভেটেরিনারি ভ্যাকসিন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের সচিব দীপা ডি. নায়ার। এছাড়াও দপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক, পশু চিকিৎসক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
সেমিনারে গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগের প্রকৃতি, এর প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব এবং আধুনিক ভ্যাকসিন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জানান, পশুসম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রাণিসম্পদভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নিয়মিত টিকাদান কর্মসূচি অত্যন্ত জরুরি।
এদিনের সেমিনারে প্রাণিসম্পদ উন্নয়ন ও রোগ প্রতিরোধে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয় এবং পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
