বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ জুলাই || ধর্মীয় ভাবগাম্ভীর্য, উল্লাস ও সম্প্রীতির আবহে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জগন্নাথ জিও মন্দিরের পবিত্র রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এই রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে জাতি-উপজাতি নির্বিশেষে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
মহকুমা প্রশাসনের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ঠিক ৫টায় ভক্তরা মহাসমারোহে রথের দড়িতে টান দিয়ে রথযাত্রার শুভ সূচনা করেন। রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। গোটা রথযাত্রার রুটজুড়ে ছিল ব্যাপক পুলিশ মোতায়েন। নিরাপত্তার স্বার্থে রথ চলাচলের সময় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
সাব্রুমের রথ মার্কেট থেকে যাত্রা শুরু করে জগন্নাথ দেবের রথ। এরপর রথটি রামকৃষ্ণ আশ্রম হয়ে সাব্রুম-আগরতলা জাতীয় সড়ক পরিক্রমা করে ডাক বাংলো হয়ে কালিপদ ব্যানার্জি লেন অতিক্রম করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ ‘মাসির বাড়ি’ হিসেবে পরিচিত শিক্ষক অরূপ দাস চৌধুরীর বাড়ির মন্দিরে পৌঁছায়। সেখানে আগামী কয়েকদিন ধরে ভগবান জগন্নাথ দেবের বিশেষ পূজা-অর্চনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রথযাত্রা উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জগন্নাথ জিও মন্দিরের সভাপতি মানিক নাথ উৎসবের ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য এবং সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, বহু বছরের ঐতিহ্য বহনকারী এই রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্যের এক অনন্য নিদর্শন।
সাব্রুমের এই বর্ণাঢ্য রথযাত্রায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
