বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে নকআউট ফুটবল টুর্নামেন্টের জমকালো সূচনা

বলরাম দেবনাথ, সাব্রুম, ২২ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার শুরু হলো ‘নকআউট ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবের আবহ। বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর উপস্থিতি ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা মাঠ।
অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজ্জাদ পি এবং বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত। এছাড়াও এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিরা তাঁদের বক্তব্যে বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আকৃষ্ট করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকার প্রতিভাবান ফুটবলারদের নিজেদের দক্ষতা প্রদর্শনের জন্য এমন টুর্নামেন্ট একটি বড় মঞ্চ তৈরি করবে বলেও তাঁরা মত প্রকাশ করেন।
আয়োজক ক্লাবের কর্মকর্তারা জানান, এলাকার ফুটবল ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা এবং দর্শকদের উপভোগ্য প্রতিযোগিতা উপহার দেওয়ার লক্ষ্যেই এই নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগামী দিনগুলিতে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা আরও বাড়বে বলে আশাবাদী আয়োজক ও ক্রীড়ামোদীরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*