রাহুল গান্ধীর নেতৃত্বে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের প্রতিবাদে আগরতলায় বিজেপির বিশাল মিছিল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই || নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সংঘটিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার রাজধানী আগরতলায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।
মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী বিজেপি নেতা-কর্মীরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের এই কর্মসূচি ছিল উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। এছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব, রাজ্যের মন্ত্রী, বিধায়ক এবং বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের প্রধানমন্ত্রীকে ঘিরে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি অনভিপ্রেত এবং গণতান্ত্রিক শালীনতার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দল সর্বস্তরের মানুষের কাছে সচেতনতা গড়ে তুলতে এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ চালিয়ে যাবে বলেও তারা জানান।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*