প্রিয় শিক্ষক সুবল দাসের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, ক্লাস বয়কট

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির আদেশকে কেন্দ্র করে সোমবার উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। প্রিয় শিক্ষকের বদলির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয় ছাত্রছাত্রীরা। পাশাপাশি তারা ক্লাস বয়কট করে বিদ্যালয়ের সামনেই অবস্থান-বিক্ষোভে বসে।
জানা যায়, সম্প্রতি বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির আদেশ জারি হওয়ার খবর বিদ্যালয়ে পৌঁছাতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রীদের মধ্যে। তাদের দাবি, সুবল দাস দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভরত ছাত্রছাত্রীদের একটাই স্লোগান ছিল— “সুবল স্যারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে।” তাদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা।
ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজরদারি শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত ছাত্রছাত্রীদের বিক্ষোভ অব্যাহত ছিল এবং বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হয়। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*