নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৭ জুলাই || অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে এক পাকিস্তানি মহিলা নাগরিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডের নির্দেশ দিয়েছে সাব্রুম মহকুমা আদালত। সাজাপ্রাপ্ত ওই মহিলার নাম লুইস নিগাত ভানো অর্থার, ওরফে নিগি।
আদালত সূত্রে জানা গেছে, বৈধ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় অনুমতি ছাড়াই অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ওই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে মামলার সাক্ষ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে আদালত অভিযুক্তকে ২ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে বলেও আদালত নির্দেশে উল্লেখ রয়েছে।
এই রায়কে ঘিরে সীমান্তবর্তী সাব্রুম মহকুমায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশের বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে।
তবে ওই পাকিস্তানি মহিলা কীভাবে, কোন সীমান্তপথ ব্যবহার করে এবং কোন পরিস্থিতিতে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
