নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৭ জুলাই || ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রেও দ্রুত পরিবর্তন আসছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও সহজ, আকর্ষণীয় ও কার্যকর উপায়ে শিক্ষা দেওয়ার লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চালু হয়েছে ডিজিটাল ক্লাসের ব্যবস্থা। বিদ্যালয়ে নিয়মিতভাবে ‘বন্দে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেল’-এর মাধ্যমে বিভিন্ন বিষয়ের পাঠ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে।
এই ডিজিটাল পাঠদানের মাধ্যমে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ বিভিন্ন বিষয় অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তির সাহায্যে পড়ানো হচ্ছে। ছবি, ভিডিও, অ্যানিমেশন ও আধুনিক উপস্থাপনার মাধ্যমে জটিল বিষয়গুলিও শিক্ষার্থীরা সহজে বুঝতে পারছে। ফলে শ্রেণিকক্ষে পাঠগ্রহণ আরও প্রাণবন্ত ও আনন্দদায়ক হয়ে উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্রচলিত পাঠদানের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়িয়ে তুলছে। অডিও-ভিজ্যুয়াল পদ্ধতিতে পাঠ উপস্থাপনের ফলে বিষয়বস্তু দ্রুত অনুধাবন করা এবং দীর্ঘ সময় মনে রাখা শিক্ষার্থীদের জন্য সহজ হচ্ছে। একই সঙ্গে পাঠদানের মানও আরও উন্নত হচ্ছে।
শিক্ষকদের মতে, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ‘বন্দে ত্রিপুরা এডুকেশনাল চ্যানেল’ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ডিজিটাল শিক্ষার সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন পদ্ধতিতে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশা, ডিজিটাল ক্লাসের এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।
