বলরাম দেবনাথ, সাব্রুম, ২৭ জুলাই || যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং গ্রামীণ পশুপালকদের দোরগোড়ায় আধুনিক পশুচিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার ঋষ্যমুখ আর.ডি. ব্লকের অন্তর্গত দক্ষিণ মতাই এলাকায় সোমবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেশামুক্ত ‘মাড ফুটবল’ (Mud Football) টুর্নামেন্ট-এর শুভ উদ্বোধনের পাশাপাশি ‘মিনি মোবাইল পশুচিকিৎসা সেবা ইউনিট’-এরও আনুষ্ঠানিক সূচনা করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই দ্বৈত কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে সুস্থ, সবল ও ইতিবাচক পথে পরিচালিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাড ফুটবল টুর্নামেন্ট যুবকদের মাঠমুখী করবে এবং নেশার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একই অনুষ্ঠানে রাজ্য সরকারের উদ্যোগে দক্ষিণ জেলার পশুপালকদের জন্য চালু করা হয় মিনি মোবাইল পশুচিকিৎসা সেবা ইউনিট। এই ভ্রাম্যমাণ পরিষেবার মাধ্যমে গ্রামীণ এলাকার অসুস্থ গবাদি পশুর জরুরি চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা এবং প্রয়োজনীয় পশুচিকিৎসা পরিষেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। ফলে জেলার পশুপালকরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
সভাধিপতি দীপক দত্ত আরও বলেন, এই উদ্যোগ শুধু পশুপালকদের সুবিধাই বাড়াবে না, গ্রামীণ অর্থনীতিকেও আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরার জেলা শাসক সাজ্জাদ পি, স্থানীয় বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিশিষ্ট সমাজসেবী দীপায়ন চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিবৃন্দ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ আধিকারিক।
খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা এবং আধুনিক পশুচিকিৎসা পরিষেবার সমন্বয়ে আয়োজিত এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে সমগ্র ঋষ্যমুখ ব্লকজুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।
