সাব্রুমে ৭৭তম বন মহোৎসব ২০২৬ উদযাপন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, ছাত্রছাত্রীদের সবুজায়ন কর্মসূচিতে এগিয়ে আসার বার্তা

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৯ জুলাই || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার মনুবাজার বনচেতনা কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৭৭তম বন মহোৎসব–২০২৬। সাব্রুম বনদপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
মঙ্গলবার এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুমের বিধায়ক মাইলাফ্রু মগ। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা বন আধিকারিক কমল ভৌমিক, সমাজসেবী বিপুল ভৌমিক, সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম দাস-সহ বনদপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন সাব্রুম মহকুমা বন আধিকারিক কমল ভৌমিক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে প্রত্যেককে বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মাদকাসক্তি ও নির্বিচারে বৃক্ষচ্ছেদনকে সমাজ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করে এ বিষয়ে সকলকে সচেতন হওয়ার বার্তা দেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, প্রত্যেক পরিবারে অন্তত মায়ের নামে একটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণই সবুজ ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে বড় শক্তি বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে বনদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দ, ছাত্রছাত্রী এবং উপস্থিত সাধারণ মানুষ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*