বলরাম দেবনাথ, সাব্রুম, ৩১ জুলাই || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার থাইবুং গ্রাম পঞ্চায়েত এলাকার একটি গ্রাম থেকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এক স্কুলছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সাব্রুম থানার পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর প্রায় সাড়ে ৫টা নাগাদ এলাকার দুই স্কুলছাত্রী প্রাইভেট টিউশনে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তারা কোচিং সেন্টারে পৌঁছায়নি বলে জানা যায়। বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে এক ছাত্রীর অভিভাবক সাব্রুম রেলস্টেশনে পৌঁছে আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার ঠিক আগে নিজের মেয়েকে ট্রেন থেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে তার সঙ্গে থাকা অপর স্কুলছাত্রীর কোনো সন্ধান মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ ছাত্রী অন্য কোথাও চলে গেছে অথবা তাকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলতে নারাজ পুলিশ।
এদিকে নিখোঁজ ছাত্রীর পরিবার সাব্রুম থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। পাশাপাশি নিখোঁজ ছাত্রীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্তের স্বার্থে পুলিশ বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। পরিবারের পক্ষ থেকেও দ্রুত ছাত্রীর নিরাপদ উদ্ধার এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।
