গোপাল সিং, খোয়াই, ০৫ আগস্ট || বিভিন্ন সরকারি দপ্তরের কাছে প্রায় কোটি টাকার বিল বকেয়া থাকায় আর্থিক সংকটে পড়েছে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমার অন্তর্গত ৬০ বছরের প্রাচীন খোয়াই প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। কর্মচারীদের বেতন বন্ধ হয়ে আছে। গত ৩০ জুলাই ২০২৬ তারিখে জেলা শাসক, মহকুমা শাসক, সাব-জেল, চিফ মেডিকেল অফিসার, খোয়াই পুর পরিষদ এবং বিডিও দপ্তরকে চিঠি দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে বকেয়া পরিশোধের আল্টিমেটাম দিয়েছে সোসাইটি। এই সময়ের মধ্যে বকেয়া না মিটলে পেট্রোল, ডিজেল, স্টেশনারি সহ সমস্ত সরকারি রসদ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিসাব অনুযায়ী, শুধু ২০২৪-২৫ অর্থবছরের সরবরাহ বাবদ সরকারি দপ্তরগুলোর কাছে সোসাইটির মোট বকেয়া ৫৮ লক্ষ ৫২ হাজার ৯৭১ টাকা। তথ্য অনুযায়ী, পেট্রোল, ডিজেল, স্টেশনারি, ডায়েট মেটেরিয়ালস, পিভিসি পাইপ, সহ অফিস সামগ্রী ইত্যাদি সাপ্লাই বাবদ খোয়াই সাব-জেল, খোয়াই পুর পরিষদ, খোয়াই জেলা শাসক দপ্তর, খোয়াই মহকুমা শাসক দপ্তর, চিফ মেডিকেল অফিসার দপ্তর, খোয়াই বিডিও দপ্তরের কাছে বকেয়া বিলের পরিমাণ জমে পাহাড়সম। চলতি অর্থবছরের জুলাই মাসে পাঠানো গত ২০২৪-২৫ অর্থবছরের হিসাব মিলিয়ে সরকারি দপ্তরগুলোর কাছে মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ৫২ হাজার ৯৭১ টাকা। বর্তমান অর্থবছরের হিসেব যুক্ত করলে মোট বকেয়া ১ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এছাড়া ব্যাংক থেকে ঋণ নিয়ে চালু করা ‘অনবদ্য পেট্রোল পাম্প’-এর লোকসান এবং সুদ বাবদ ইতোমধ্যেই ১ কোটি টাকা রয়েছে প্রতিষ্ঠানটির। খোয়াই শহরের প্রাণকেন্দ্রে আড়াই কানি মূল্যবান জমি থাকা সত্ত্বেও সঠিক মাস্টার প্ল্যানের অভাব, প্রশাসনিক উদাসীনতা ও সঠিক সংস্কার না হওয়ায় ঐতিহ্যবাহী এই সমবায় সমিতিটি আজ দেউলিয়া হওয়ার পথে।
