আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগস্ট || ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের উদ্যোগে বুধবার রাজধানী আগরতলায় মহাকরণ অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে আনুমানিক দুই থেকে তিন হাজার ক্ষুদ্র পণ্যবাহী যান চালক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মিছিলটি মহাকরণের উদ্দেশ্যে অগ্রসর হলে সার্কিট হাউজ এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মহাকরণে গিয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে এবং চালকদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেয়।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের সভাপতি গৌতম দেবনাথ জানান, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র পণ্যবাহী যান চালকদের নানা সমস্যার সমাধানের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এদিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে চালকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
এই মহাকরণ অভিযানকে ঘিরে সার্কিট হাউজ ও আশপাশের এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে প্রভাব পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
