ধান রোপণে কৃষকদের সঙ্গে মাঠে কৃষিমন্ত্রী রতন লাল নাথ, উন্নত চাষাবাদে জোর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ আগস্ট || অন্নদাতা কৃষকদের উৎসাহিত করতে মঙ্গলবার মোহনপুরের গজারিয়া গ্রামে কৃষকদের সঙ্গে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিকরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
ধান রোপণের পর কৃষিমন্ত্রী বলেন, উন্নত মানের বীজ, আধুনিক প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান চাষের মাধ্যমে কৃষকরা অধিক ফলন ও আর্থিক সাফল্য অর্জন করতে পারবেন। রাজ্য সরকার কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে।
ধানক্ষেতে নেমে কৃষকদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “মাটির গন্ধ, কাদা মাখা পা আর কৃষকের মুখের অকৃত্রিম হাসি—সব মিলিয়ে এটি এক অনন্য আত্মিক অনুভূতি। আমাদের খাদ্যের মূল কারিগর এই কৃষকরাই। তাঁদের পাশে দাঁড়ানো এবং তাঁদের কঠোর পরিশ্রমকে সম্মান জানানো আমাদের সকলের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “মাটির গন্ধ, পরিশ্রমের ঘাম আর সোনালি স্বপ্নের ওপরই আমাদের আগামী দাঁড়িয়ে আছে। কৃষক বাঁচলে দেশ এগোবে। তাই কৃষকদের উন্নয়নই সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।”
এদিন কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধান রোপণ করে কৃষিমন্ত্রী তাঁদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। তাঁর এই উদ্যোগে কৃষকদের মধ্যেও উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*