দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক অনূর্ধ্ব-১৭ ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু, উদ্বোধনে প্রাক্তন বিধায়ক

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ আগস্ট || দক্ষিণ ত্রিপুরা জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ থেকে সাব্রুমে শুরু হলো অনূর্ধ্ব-১৭ জেলাভিত্তিক ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা। সাব্রুম মহকুমা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বালক এবং বালিকা—উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রতিযোগিতার ম্যাচগুলোতে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করে আগামী দিনের জন্য দক্ষিণ ত্রিপুরা জেলার সেরা খেলোয়াড়দের নির্বাচন করা হবে।আজ সকাল ১০টা ৩০ মিনিটে সাব্রুম টিটি হলে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রীড়া যজ্ঞের সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক শংকর রায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব্রুমের এসডিপিও দীপ্তনু বিশ্বাস, সাব্রুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রিয় ভৌমিক, দক্ষিণ জেলার স্পোর্টস অফিসার রীতেশ শীল এবং সাব্রুম মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দক্ষিণ জেলার স্পোর্টস অফিসার রীতেশ শীল। এরপর খেলোয়াড়দের উদ্দেশ্যে উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন সাব্রুম নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রিয় ভৌমিক এবং এসডিপিও দীপ্তনু বিশ্বাস। তাঁরা যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে নিজেদের চরিত্র ও শরীর গঠনের আহ্বান জানান।প্রধান উদ্বোধক তথা প্রাক্তন বিধায়ক শংকর রায় তাঁর বক্তব্যে বলেন, “দক্ষিণ জেলার ক্রীড়া পরিকাঠামোর সার্বিক উন্নয়নে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” খেলোয়াড়দের অনুপ্রাণিত করে তিনি আরও বলেন, “তোমরা বড় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, তোমাদের সেই স্বপ্ন অবশ্যই সার্থক হবে।”উদ্বোধনী পর্ব শেষ হতেই টিটি হল চত্বরে শুরু হয়ে যায় মূল পর্বের ভলিবল ও কাবাডি ম্যাচগুলো। জেলা স্তরের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মহকুমার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*