‘সনাতন ধর্মের অপমানে চুপ থাকব না’ – সিপিআই(এম) রাজ্য সম্পাদকের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে খোয়াইয়ে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে তোলপাড়

গোপাল সিং, খোয়াই, ০৬ আগস্ট || “সনাতন ধর্মের অপমানে আমরা চুপ থাকব না!”— এই হুঙ্কারকে সামনে রেখে আজ খোয়াই শহরে এক বিশাল ও গর্জনশীল প্রতিবাদ মিছিলের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ খোয়াই জেলা কমিটি।
সিপিআই(এম) রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী কর্তৃক সনাতনী হিন্দু সমাজ সম্পর্কে করা বিতর্কিত ও কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আজ এই প্রতিবাদ মিছিল রাজপথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী শত শত সনাতনী ধর্মাবলম্বী মানুষ একজোট হয়ে সিপিআই(এম) রাজ্য সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এবং এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের কঠোর প্রতিবাদ জানান।
প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) খোয়াই জেলা কমিটির সদস্য অভিজিৎ দত্ত ভৌমিক, মণ্ডল সভাপতি অনুকূল দাস, বিশ্ব হিন্দু পরিষদের খোয়াই জেলা সভাপতি সপ্তদ্বীপ আচার্য, জেলা বিজেপি নেতা অনিমেষ নাগ সহ হিন্দু জাগরণ মঞ্চ ও বিভিন্ন সনাতনী সংগঠনের শীর্ষ নেতৃত্বরা।
মিছিল শেষে নেতৃত্বরা এক সুরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সনাতন ধর্ম ও হিন্দু সমাজের ভাবাবেগে আঘাত হেনে কোনো মন্তব্য করা হলে তা বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এমন কুরুচিকর মন্তব্য অব্যাহত থাকলে আন্দোলন আরও তীব্র রূপ নেবে বলে রাজ্য রাজনীতিতে বার্তা দেওয়া হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*