বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ আগস্ট || দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া পুরাতন টাউন হলে ‘নেশা মুক্ত ভারত অভিযান’ ও ‘মিশন স্পন্দন’-এর আওতায় ‘১০ কোটি নেশামুক্ত শপথ মেগা ক্যাম্পেইন’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয়ের মেডিকেল উইং এবং রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই সচেতনতা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও), বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, বিশিষ্ট সমাজসেবী, আয়োজক সংস্থার সদস্য, শিক্ষার্থী, যুবসমাজ এবং সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা নেশামুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং গোটা সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই যুবসমাজকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সচেতন হয়ে সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল জীবন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ‘নেশা মুক্ত ভারত অভিযান’ ও ‘মিশন স্পন্দন’-এর মূল উদ্দেশ্য হলো সমাজ থেকে মাদকব্যাধি দূর করা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং দেশের প্রতিটি নাগরিককে নেশামুক্ত ভারতের অঙ্গীকারে শামিল করা। তাঁদের মতে, ‘১০ কোটি নেশামুক্ত শপথ মেগা ক্যাম্পেইন’ ভবিষ্যতে বৃহত্তর জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সকলেই একযোগে নেশামুক্ত সমাজ গড়ার দৃঢ় শপথ গ্রহণ করেন। আয়োজকদের আশা, এই ধরনের ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে মাদকবিরোধী জনআন্দোলন আরও শক্তিশালী হবে এবং একটি সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত সমাজ গঠনের পথ সুগম হবে।
