আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ আগস্ট || ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন দলের নতুন জাতীয় সাংগঠনিক টিম ঘোষণা করেন। সেই তালিকাতেই বিপ্লব কুমার দেবের নাম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছে।
দলের প্রকাশিত তালিকা অনুযায়ী, বিপ্লব কুমার দেব-সহ মোট আটজনকে জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় রয়েছেন বিনোদ তাওড়ে, সুনীল বনসল, বিপ্লব কুমার দেব, স্মৃতি ইরানি, ড. সতীশ পুনিয়া, গজেন্দ্র প্যাটেল, হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া।
ত্রিপুরার রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিপ্লব কুমার দেব। বর্তমানে তিনি সাংসদ হিসেবে জাতীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এবার বিজেপির কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর অন্তর্ভুক্তি ত্রিপুরার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিজেপির সর্বভারতীয় স্তরে সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ত্রিপুরার একজন নেতার নিযুক্তি রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট গুরুত্ব বহন করছে। দলের জাতীয় স্তরে ত্রিপুরার প্রতিনিধিত্ব আরও জোরদার করার ক্ষেত্রে এই দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করা হচ্ছে।
বিপ্লব কুমার দেবের এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজ্য বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
