সাইমা নদীতে অজ্ঞাতপরিচয় মৃতদেহ, রাত পর্যন্ত চলছে উদ্ধার অভিযান

সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ আগস্ট || গণ্ডাছড়া মহকুমার বঙ্করঘাট এলাকায় সাইমা নদীর জলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে নদীতে ভাসমান দেহটি। বিষয়টি জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে মৃতদেহ ভাসতে দেখে তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং মৃতদেহ উদ্ধারের উদ্যোগ নেন।
তবে নদীর জল ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগছে বলে জানা গেছে। সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হওয়ার পরও রাত পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রাত ১০টা পর্যন্ত ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে স্থানীয় সূত্রে খবর।
এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কীভাবে ওই ব্যক্তি নদীতে পড়লেন বা তাঁর মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়েও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। মৃতদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ পরিচয় শনাক্ত করার পাশাপাশি ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা করবে বলে জানা গেছে।
ঘটনাকে কেন্দ্র করে বঙ্করঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাত পর্যন্ত উদ্ধার অভিযান চলায় ঘটনাস্থলে স্থানীয় মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*