নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০৬ সেপ্টেম্বর || সাতচাঁদের দশরথ দেব মেমোরিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। রবিবার সন্ধ্যায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় স্কুল সংলগ্ন এলাকায় দুটি মোটরবাইকের মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাইক আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে মৃতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মুকেশ ত্রিপুরা, সানি দেওয়ান ত্রিপুরা এবং সঞ্জীব ত্রিপুরা। জানা গেছে, সানি দেওয়ান ত্রিপুরা ও সঞ্জীব ত্রিপুরার বাড়ি গরিফা এলাকায়। অন্যদিকে মুকেশ ত্রিপুরার বাড়ি বৈষ্ণবপুর এলাকায়।
এদিকে দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে প্রহর ত্রিপুরা নামে একজনের পরিচয় জানা গেছে। আহত আরও দুই তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। কী কারণে দুটি মোটরবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাতচাঁদ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে কলাছড়া স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ। দুর্ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে গভীর শোক।
