গোপাল সিং, খোয়াই, ১৮ সেপ্টেম্বর || রাজ্যজুড়ে উৎসবের আবহের মধ্যেই খোয়াই মহকুমাজুড়ে সাড়ম্বরে উদযাপিত হলো দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা। শাসক ও বিরোধী—উভয় দলেরই অধীনস্থ বিভিন্ন শ্রমিক সংগঠন এবং পরিবহন চালক সংস্থাসমূহের উদ্যোগে খোয়াইয়ের প্রতিটি কোণায় আজ ভক্তি ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। খোয়াই বিধানসভার বিভিন্ন প্রান্তে ভারতীয় মজদুর সংঘ (BMS) পরিচালিত অটো রিক্সা মজদুর সংঘ, ই-রিক্সা শ্রমিক সংঘ, খোয়াই বাস-জীপ চালক সংঘ এবং বিএমএস খোয়াই শাখার উদ্যোগে বর্ণাঢ্য পূজার আয়োজন করা হয়। পূজার পাশাপাশি দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আজকের এই পূজা পরিক্রমা ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর দাস, মন্ডল সভাপতি অনুকুল দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্ম্মা এবং বিজেপি নেতা অনিমেষ নাগ। তাঁরা দেবশিল্পীর চরণে অঞ্জলি অর্পণ করে রাজ্যের প্রতিটি শ্রমজীবী পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি ও সফল কর্মজীবনের প্রার্থনা জানান।
অন্যদিকে, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস (INTUC)-এর খোয়াই ব্লক শাখার উদ্যোগে খোয়াই কংগ্রেস ভবনে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়। প্রবীণ কংগ্রেস নেতা ক্ষিতিষ ভৌমিক এবং বিশিষ্ট নেতা নিখিল চক্রবর্তীর উপস্থিতিতে আইএনটিইউসি ও কংগ্রেসের সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা সাড়ম্বরে পূজায় অংশ নেন। অঞ্জলি প্রদান ও পূজা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাজনৈতিক মতভেদ ভুলে দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে কেন্দ্র করে বিভিন্ন শ্রমিক সংগঠনের এই উৎসাহ ও পারস্পরিক সম্প্রীতি খোয়াই শহরে এক সুন্দর ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
