গোপাল সিং, খোয়াই, ০৬ অক্টোবর || রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (DR) আরও ৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মোট DA/DR বেড়ে দাঁড়াল ৪৪ শতাংশ। নতুন হার কার্যকর হবে ১ অক্টোবর, ২০২৬ থেকে।
একইসঙ্গে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতা (HRA)-তেও বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন মূল বেতনের ৮ শতাংশ হারে HRA দেওয়া হলেও এবার তা বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি HRA-এর সর্বোচ্চ সীমা মাসিক ₹৩,০০০ থেকে বাড়িয়ে ₹১০,০০০ করা হয়েছে। এই সংশোধিত HRA-ও ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।
মুখ্যমন্ত্রী জানান, DA ও DR বৃদ্ধির ফলে রাজ্য সরকারের বছরে প্রায় ₹৩০০ কোটি অতিরিক্ত ব্যয় হবে। অন্যদিকে HRA বৃদ্ধির কারণে বছরে আরও প্রায় ₹১৪১.৯৬ কোটি অতিরিক্ত আর্থিক বোঝা পড়বে রাজ্য সরকারের।
মহাকরণে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক সুবিধা আরও বাড়ল।
