প্রধানমন্ত্রীর জনসেবার ২৫ বছর: খোয়াই জেলায় সাড়ম্বরে অনুষ্ঠিত ‘সেবা সংকল্প সভা’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’, উপস্থিত সাংসদ ও মন্ত্রী

গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের নিরবচ্ছিন্ন সেবা, সমর্পণ ও জনকল্যাণের ঐতিহাসিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে সারা দেশের সাথে রাজ্যেও জোরকদমে চলছে ‘সেবা সংকল্প অভিযান’। এই অভিযানের অঙ্গ হিসেবে আজ খোয়াই জেলা পরিষদের প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণে সকাল ১১টা নাগাদ এক বিশেষ ‘বিকশিত ভারত সংকল্প সভা’, ‘সেবা সংকল্প সভা’ এবং বর্ণাঢ্য ‘সেবা জ্যোতি যাত্রা’-র আয়োজন করা হয়। দরিদ্র, প্রান্তিক ও সাধারণ মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে শাসনব্যবস্থাকে ‘জনসেবা’-য় রূপান্তরিত করার ২৫ বছরের সাফল্যকে সামনে রেখেই আজকের এই জেলাভিত্তিক মেগা কার্যক্রম অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এদিনের এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মাননীয় সাংসদ মহারানী কৃতি সিং দেববর্মা এবং রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোয়াই জেলা বিজেপির সভাপতি সমীর কুমার দাস, ত্রিপুরা বিধানসভার সরকারি মুখ্যসচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায় (সাহা রায়), ২৭-কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ত্রিপুরা প্রদেশ বিজেপির সহ-সভাপতি তথা খোয়াই জেলা প্রভারী তাপস মজুমদার, খোয়াই জেলা পরিষদের মাননীয়া সভাধিপতি অপর্ণা সিংহ রায়, ত্রিপুরা প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকের এই ‘সেবা সংকল্প সভা’ এবং পরবর্তী ‘সেবা জ্যোতি যাত্রা’-য় খোয়াই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নারী, যুব সমাজ ও সাধারণ নাগরিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে সেবাজ্যোতি নিয়ে পদযাত্রার মাধ্যমে সমগ্র এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও নেতৃত্বগণ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনকল্যাণমুখী চিন্তাধারা ও ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর যে বীজ ২৫ বছর আগে রোপিত হয়েছিল, আজকের এই সেবা সংকল্প অভিযান প্রতিটা কর্মীর মনে সেই রাষ্ট্রসেবার সংকল্পকে আরও সুদৃঢ় ও পুনরুজ্জীবিত করল। জনসেবার এই নতুন প্রেরণা আগামী দিনে খোয়াই জেলা তথা রাজ্যের সার্বিক বিকাশে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেন নেতৃত্বরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*