গোপাল সিং, খোয়াই, ০৮ অক্টোবর || মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে খোয়াই জেলা পুলিশকে ঘুমে রেখে আসাম রাইফেলস ও কাষ্টমসের সাফল্য। খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এলাকায় আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের যৌথ অভিযানে একটি ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৪০ কেজি গাঁজা। বাজেয়াপ্ত করা এই বিপুল পরিমাণ গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা। কাস্টমস ও নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং দীর্ঘদিন ধরে চলে আসা সুনির্দিষ্ট নজরদারির পর গত মঙ্গলবার, ৬ই অক্টোবর আসাম রাইফেলস ও কাস্টমস যৌথভাবে এই অভিযানটি পরিচালনা করে। মুঙ্গিয়াকামি এলাকায় একটি ফোর্ড ইকোস্পোর্ট চারচাকা গাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হলে ভেতর থেকে ৩৪০ কেজি বেআইনি গাঁজা উদ্ধার করে যৌথবাহিনী।
মাদক পরিবহনে ব্যবহৃত ফোর্ড ইকোস্পোর্ট গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা এবং আটক করা গাড়িটিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে সক্রিয় মাদক পাচার চক্রের নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে দেওয়ার লক্ষ্যে অভিযান আরও জোরদার করার বার্তা দিয়েছে আসাম রাইফেলস। এ ধরনের যৌথ সামরিক ও প্রশাসনিক অভিযান সীমান্ত ও পার্শ্ববর্তী এলাকায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়েছে।
