গোপাল সিং, খোয়াই, ১০ অক্টোবর || খোয়াই ও পশ্চিম ত্রিপুরা জেলা সীমান্তে আবারও আসাম রাইফেলস এবং কাস্টমস বিভাগের যৌথ অভিযানে বড়সড় সাফল্য মিলল। বৃহস্পতিবার পরিচালিত এক হাই-ভোল্টেজ অভিযানে একটি পাচারকারী যানবাহনকে তাড়া করে উদ্ধার করা হয়েছে ৫০১ কেজি বেআইনি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। কাস্টমস ও সিকিউরিটি প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্য ও ধারাবাহিক নজরদারির ওপর ভিত্তি করে খোয়াই জেলায় এক বিশেষ অভিযান চালানো হয়। সন্দেহভাজন পাচারকারী গাড়িটির গতিবিধি আঁচ করে পশ্চিম সোনাতলা এলাকা থেকে সেটিকে তাড়া করতে শুরু করে যৌথবাহিনীর টিম। দীর্ঘ ধাওয়া-পাল্টা ধাওয়ার পর হেজামারা ব্লকের ১৮ কিলোমিটার আগে পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার সীমান্তবর্তী বৈকুন্ঠপুর গ্রাম এলাকায় যৌথবাহিনী গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ৫০১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া আড়াই কোটি টাকার এই বিপুল পরিমাণ গাঁজা ও ব্যবহৃত যানবাহনটি পরবর্তী আইনি প্রক্রিয়া ও মূল নেটওয়ার্ক উন্মোচনের উদ্দেশ্যে তদন্তের জন্য কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত ও রাজ্য সংলগ্ন রুট ব্যবহার করে সক্রিয় আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের মেরুদণ্ড ভেঙে দিতে আসাম রাইফেলসের ধারাবাহিক এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ই অক্টোবর, মঙ্গলবার, আসাম রাইফেলস ও কাস্টমস যৌথভাবে খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এলাকায় একটি ফোর্ড ইকোস্পোর্ট চারচাকা গাড়ির গতিরোধ করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৩৪০ কেজি বেআইনি গাঁজা উদ্ধার করে। এরপর ৮ই অক্টোবর, বৃহস্পতিবার, খোয়াই পশ্চিম সোনাতলা থেকে ৫০১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল। অথচ এবিষয়ে খোয়াই জেলা পুলিশ প্রশাসনের কোনো উপস্থিতি নেই, মানে তাদের কাছে কোনো খবর নেই।
