১৫ কোটি টাকা ব্যয়ে বইমেলা মাঠে গড়ে উঠছে ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক মাল্টিস্টোরি শপিং কমপ্লেক্স, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ভূমিপূজন ১৫ই অক্টোবর

গোপাল সিং, খোয়াই, ১০ অক্টোবর || রাজ্যের উন্নয়নের ধারায় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে খোয়াই শহর। প্রায় দেড় কানি জায়গার ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে খোয়াই বইমেলা মাঠে গড়ে উঠতে চলেছে এক বিশাল ৪ তলা বিশিষ্ট আধুনিক মাল্টিস্টোরি মল বা শপিং কমপ্লেক্স। আগামী ১৫ই অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা এই মেগা প্রকল্পের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পূর্ত দপ্তরের মাধ্যমে আগামী ৩ বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই প্রকল্পের কাজ শুরু হতে চলেছে। প্রস্তাবিত ৪ তলা এই আধুনিক শপিং কমপ্লেক্সটির গ্রাউন্ড ফ্লোর সম্পূর্ণভাবে গাড়ি পার্কিংয়ের জন্য সংরক্ষিত থাকবে এবং ওপরের ত্রিতল (তিনটি তলা) জুডে থাকবে অত্যাধুনিক মলের পরিকাঠামো। ইতিমধ্যেই এই নির্মাণকাজের জন্য পূর্ত দপ্তরকে ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের প্রাথমিক কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে একের পর এক গৌরবজনক সাফল্যে সমগ্র রাজ্যের নজর কেড়েছে খোয়াই পুর পরিষদ। গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতি ও কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের হাত থেকে ‘PMAY-U Awards 2026’-এ এক লক্ষের কম জনসংখ্যার পৌর সংস্থার মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহুরে (PMAY-U) প্রকল্পের অধীনে পাকা ঘর ও আধুনিক আবাসন সর্বাধিক সম্পন্নকরণের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অর্জন করেছে খোয়াই পুর পরিষদ। পাশাপাশি, স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫-এর অধীনে উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যের নয়টি শহরের মধ্যে ‘প্রতিশ্রুতিশীল স্বচ্ছ শহর’-এর জন্য মন্ত্রিপরিষদীয় পুরস্কারে ভূষিত হয়েছে খোয়াই শহর।
খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্ম্মার দূরদর্শী চিন্তাভাবনা ও সক্রিয় নেতৃত্বে আজ শহরজুড়ে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ চলছে। শহরের যাতায়াত ব্যবস্থা ও সৌন্দর্য বৃদ্ধি করতে বনকর ভোলাগিরি আশ্রম থেকে পুরান বাজার থানা পর্যন্ত রাস্তার দু’পাশে আধুনিক পেভার ব্লক এবং উন্নত মানের আরসিসি নিকাশি নালা নির্মাণ করা হয়েছে। এছাড়াও খোয়াইয়ের লালছড়া এলাকায় একটি অত্যন্ত আধুনিক ও প্রযুক্তি-নির্ভর বৈদ্যুতিক চুল্লী নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে, যার উদ্বোধনী সূচিও চলতি অক্টোবর মাসেই নির্ধারিত রয়েছে। পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ত্রিপুরা গড়ার ক্ষেত্রে খোয়াই আজ সমগ্র রাজ্যের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*