গোপাল সিং, খোয়াই , ২৪ অক্টোবর || রবিবার কোজাগরি লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজে মেতে উঠেছে খোয়াই শহর। পুজোর প্রাক্কালে খোয়াইয়ের সুভাষপার্ক বাজারে দেখা গেল ক্রেতাদের উপচে পড়া ভিড়। লক্ষ্মী প্রতিমা, ফলমূল ও পুজোর যাবতীয় সামগ্রী কিনতে সকাল থেকেই বাজারে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। সন্ধ্যা নামতেই বাজারে কেনাকাটার ব্যস্ততা আরও বেড়ে যায়।
বাজারে ছোট-বড় বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমার পাশাপাশি পুজোর উপকরণ নিয়ে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে ফলমূল, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমুখী দামে কিছুটা চিন্তায় পড়েছেন সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতারা। তা সত্ত্বেও উৎসবের আনন্দ ও দেবী লক্ষ্মীর আরাধনাকে ঘিরে মানুষের উৎসাহে কোনও ভাটা পড়েনি। সব মিলিয়ে কোজাগরি লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে জমজমাট খোয়াইয়ের সুভাষপার্ক বাজার।
