বলরাম দেবনাথ, সাব্রুম, ২৮ অক্টোবর || গত পাঁচ বছরে সাব্রুম নগর পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে, এক্সিকিউটিভ অফিসার মনোজ দেববর্মা এবং অন্যান্য কাউন্সিলররা।
সাংবাদিক সম্মেলনে চেয়ারপার্সন রমা পোদ্দার দে জানান, গত পাঁচ বছরে সাব্রুম শহরের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বৃক্ষরোপণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মোট ১৯ কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে।
তিনি জানান, শহরের সার্বিক উন্নয়ন এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যে আবাসন, উন্নত সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, শিশুদের জন্য পার্ক নির্মাণ, জীবিকা নির্বাহের প্রশিক্ষণ এবং সৌর আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া বৈদ্যুতিক চুল্লিযুক্ত মহাশ্মশান নির্মাণও এই সময়ের অন্যতম উল্লেখযোগ্য উদ্যোগ।
অন্যদিকে, এক্সিকিউটিভ অফিসার মনোজ দেববর্মা জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সাব্রুম শহরের পরিকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক পরিষেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করাই নগর পঞ্চায়েতের অন্যতম লক্ষ্য।
সাংবাদিক সম্মেলনে গত পাঁচ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও সাব্রুম শহরের সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
