গোপাল সিং, খোয়াই, ২৯ অক্টোবর || আগরতলায় শাসক জোটের অন্যতম দুই গুরুত্বপূর্ণ শরিক দল বিজেপি এবং তিপ্রামথা পার্টি-র শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন আগরতলা পুরনিগম এবং বিভিন্ন নগর পঞ্চায়েতের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বিভিন্ন ভিলেজ কমিটিতে সৃষ্ট রাজনৈতিক জটিলতা ও সমস্যা নিরসনে সবিস্তার আলোচনা হয়। নগর পঞ্চায়েত ও পুর নির্বাচনে তিপ্রামথা পার্টির প্রতিদ্বন্দ্বিতা করা এবং যৌথভাবে নির্বাচনী ময়দানে নামার বিষয়েও খোলামেলা ও সুস্পষ্ট কথাবার্তা হয়েছে। বৈঠকে উভয় দলের হেভিওয়েট নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায়, তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা, মন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং বিজেপি জনজাতি মোর্চার সভাপতি ও শীর্ষ নেতা বিপিন দেববর্মা। জোটের অভ্যন্তরীণ সমন্বয় বাড়িয়ে যৌথ রাজনৈতিক গতিপথ সুসংহত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই আলোচনার মাধ্যমে। আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে বিজেপি ও তিপ্রামথার এই উচ্চপর্যায়ের যৌথ বৈঠক রাজ্য রাজনীতিতে জোটের সলা-পরামর্শ ও যৌথ কৌশল স্পষ্ট করে দিয়েছে।
