গোপাল সিং, খোয়াই, ০৪ নভেম্বর || রাজধানী আগরতলায় দীর্ঘদিন ধরে চলমান স্মার্টসিটি প্রকল্পের সিসিটিভি ক্যামেরাগুলির ব্যাটারি চুরির ঘটনায় অবশেষে সাফল্য পেল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের মূল পান্ডাদের পাকড়াও করেছেন আগরতলা পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার এবং উনার নেতৃত্বে পুলিশ।
আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে ওসি কৃষ্ণধন সরকার গোটা অভিযানের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গতকাল রাতে পরিচালিত বিশেষ অভিযানে দু’জন কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে স্মার্টসিটি সিসিটিভি ক্যামেরার একাধিক চুরি হওয়া ব্যাটারি এবং চুরি কাজে ব্যবহৃত অটোরিকশাটি (অটো) উদ্ধার করা হয়েছে। দাগী চোরগুলোর বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় মামলা রয়েছে বলেও জানান তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, আগরতলা শহর ও সংলগ্ন এলাকায় একাধিক চুরি এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধমূলক মামলার সঙ্গে এরা সরাসরি জড়িত। ধৃতদের আদালতে সোপর্দ করে নিজেদের হেফাজতে (রিমান্ডে) নেওয়ার আবেদন জানাবে পুলিশ, যাতে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং চুরি যাওয়া ব্যাটারি কোথায় পাচার করা হতো—তার সমস্ত রহস্য উদঘাটন করা যায়।
