১৮ বছরের যুবকের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ নভেম্বর || এক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাব্রুম মহকুমার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। সাব্রুম নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রণজিৎ দাসের ১৮ বছর বয়সি ছেলে হৃদয় দাসের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গতকাল বাড়ির শৌচাগারে হৃদয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি সাব্রুম থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আজ দুপুরে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা।
এদিকে, আজ সকালে সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃতের ভাই রাহুল দাস জানান, বেশ কিছুদিন ধরেই তাঁদের মা মমতা দাস বাড়িতে থাকেন না। যদিও মোবাইল ফোনে যোগাযোগ রয়েছে, তবে তিনি বাড়িতে ফিরে আসেন না। মায়ের বাড়িতে না থাকার বিষয়টি ভাইয়ের মনে প্রভাব ফেলেছিল বলে দাবি করেন রাহুল।
তবে ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।
মাত্র ১৮ বছর বয়সি এক তরুণের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার-পরিজন ও প্রতিবেশীরা। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*