আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ নভেম্বর || নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো শ্রীশ্রী গোপাল জি মণিপুরী কলাক্ষেত্রের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার রানীরবাজারের বৃদ্ধিনগর মণিপুরী এলাকায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে মণিপুরী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য, সংগীত ও পরম্পরার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি মণিপুরী সংগীত ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্যের দুই বিশিষ্ট মৃদঙ্গ বাদককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কালচারাল অ্যাডভাইজরি বোর্ডের সদস্য সেনাম দীপক কুমার সিংহ, শিলংয়ের সমাজসেবী রাজেশ ভুভী এবং অমর ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ্যের বিশিষ্ট মৃদঙ্গ বাদক এ. রঞ্জিত শর্মা।
