আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ নভেম্বর || গত বছরের দীপাবলিতে ‘ত্রিপুরা সুন্দরী মা’ শ্যামাসংগীতের সাফল্যের পর এবার আরও বড় পরিসরে দর্শকদের সামনে হাজির হল নতুন মিউজিক ভিডিও ‘শ্যাম সুন্দরী শ্যামা’। দীর্ঘ পরিকল্পনা, প্রস্তুতি, পরিশ্রম এবং সৃজনশীলতার মধ্য দিয়ে নির্মিত এই বিশেষ শ্যামাসংগীতের মিউজিক ভিডিওটি দীপাবলি উপলক্ষে প্রকাশিত হয়েছে। মুক্তির পর মাত্র একদিনের মধ্যেই দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও অভূতপূর্ব সাড়া মিলেছে, তাতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত গোটা নির্মাণকারী দল।
গত বছর দীপাবলিতে প্রকাশিত শ্যামাসংগীত ‘ত্রিপুরা সুন্দরী মা’ ত্রিপুরার পাশাপাশি রাজ্যের বাইরের দর্শকদের কাছ থেকেও ব্যাপক প্রশংসা ও ভালোবাসা পেয়েছিল। সেই সাফল্য থেকেই নতুন উদ্যমে ‘শ্যাম সুন্দরী শ্যামা’ নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক অনির্বাণ ভৌমিক। প্রায় ২৩ মাসের পরিকল্পনা, প্রস্তুতি ও পরিশ্রমের পর বাস্তব রূপ পায় এই প্রজেক্ট। নির্মাণের ক্ষেত্রে এক লক্ষ টাকারও বেশি বাজেট রাখা হয়েছে। শুধু বাজেট নয়, কাজের মান, উপস্থাপনা, চিত্রনাট্য এবং প্রযুক্তিগত দিক থেকেও আগের তুলনায় আরও বেশি যত্ন নেওয়া হয়েছে।
এই মিউজিক ভিডিওর কনসেপ্ট, গল্প লেখা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভৌমিক। তাঁর ভাবনায় এটি শুধুমাত্র একটি শ্যামাসংগীতের ভিডিও নয়, বরং ভক্তি, মানুষের আবেগ, সম্পর্ক, জীবনের বাস্তবতা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসকে কেন্দ্র করে নির্মিত একটি গল্পনির্ভর উপস্থাপনা।
এই কাজের অন্যতম অনুপ্রেরণা হিসেবে পরিচালক উল্লেখ করেছেন বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলির কথা। বিশেষ করে তাঁর গল্প বলার ধরন, মানুষের আবেগ ও সম্পর্কের বাস্তব চিত্রায়ণ এবং ‘কুন ফায়া কুন’-এর আধ্যাত্মিক দর্শন অনির্বাণকে গভীরভাবে প্রভাবিত করেছে। জীবনের প্রতিটি গল্পের পরিণতি যে সবসময় প্রত্যাশামতো হয় না, সেই বাস্তবতাকেই নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।
পরিচালকের বক্তব্য অনুযায়ী, ‘শ্যাম সুন্দরী শ্যামা’র শেষাংশ হয়তো অনেকের কাছে কিছুটা অসম্পূর্ণ কিংবা মনখারাপের মনে হতে পারে। কিন্তু বাস্তব জীবনেও তো সবকিছু মানুষের ইচ্ছেমতো হয় না। কখনও মানুষ হারায়, কখনও পরিস্থিতির কাছে হার মানতে হয়, আবার কখনও না-পাওয়াকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হয়। তবে জীবনের কঠিন পরিস্থিতিতে বিশ্বাস হারালে চলবে না। ঈশ্বরের প্রতি আস্থা মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি এবং নতুন করে পথ চলার সাহস জোগায়।
এই উপস্থাপনার মূল দর্শনকে একটি ইংরেজি বাক্যে প্রকাশ করেছেন পরিচালক—‘This Too Shall Pass’। অর্থাৎ, জীবনের কঠিন সময়ও একদিন কেটে যাবে। বিশ্বাস, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চলার মধ্যেই রয়েছে এই মিউজিক ভিডিওর মূল বার্তা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশান দাস। গানের কথা লিখেছেন রণজিৎ চক্রবর্তী। সংগীত পরিচালনা, সুরারোপ এবং মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্বেও রয়েছেন কিশান দাস। মিউজিক, মিক্সিং ও মাস্টারিং করেছেন তাপস ধর। ভিডিওর শেষাংশে ভয়েসওভার দিয়েছেন শ্রিদ্ধি বন্দ্যোপাধ্যায় এবং শর্বাণী চক্রবর্তী (বন্দ্যোপাধ্যায়)।
প্রযোজনার দায়িত্বে রয়েছেন Astro Pritam Nath ও Gayatri Kashyap। সিনেমাটোগ্রাফি, এডিটিং, কালার গ্রেডিং এবং VFX-এর কাজ সামলেছেন আদর্শ রায়। মেকআপের দায়িত্বে ছিলেন লক্ষ্মী দেবনাথ (Laxmi’s Makeover)। প্রোডাকশন ম্যানেজমেন্টে ছিলেন অম্লানজিৎ নেওগী ও বিশ্বজিৎ দাস। GFX-এর দায়িত্বে ছিলেন সৌরভ রায় (Sr Editz)।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন অনির্বাণ ভৌমিক, জেনিভা দাস, শুভব্রত চক্রবর্তী, অনুষ্কা রায়, রেখা দে চৌধুরী, রজত দে, দীপ গোস্বামী, আদিত্রী চৌধুরী, নবারুণ চক্রবর্তী, উৎপল দে, সাগর রক্ষিত, বিশ্বজিৎ দাস, অম্লানজিৎ নেওগী, বিটু মজুমদার এবং অরুণাভ দত্ত।
পরিচালক অনির্বাণ ভৌমিক জানিয়েছেন, এই সাফল্য কখনও একার কৃতিত্ব নয়। ক্যামেরার সামনে থেকে শুরু করে ক্যামেরার পিছনে, প্রত্যেক সদস্য নিজেদের সময়, শ্রম, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে কাজ করেছেন। প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ‘শ্যাম সুন্দরী শ্যামা’কে এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হতো না।
প্রকাশের মাত্র একদিনের মধ্যেই দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় আপ্লুত পরিচালক ও তাঁর পুরো টিম। তাঁদের মতে, দর্শকরা শুধু একটি গান বা মিউজিক ভিডিও দেখেননি, বরং এর অন্তর্নিহিত আবেগ, গল্প এবং বার্তার সঙ্গেও নিজেদের একাত্ম করতে পেরেছেন।
সব মিলিয়ে ‘শ্যাম সুন্দরী শ্যামা’ ত্রিপুরার সৃজনশীল মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন। ভক্তির আবহের সঙ্গে জীবনের বাস্তবতা, আবেগ এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসের বার্তা নিয়ে নির্মিত এই প্রয়াস দর্শকদের মনে কতটা দীর্ঘস্থায়ী জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার।
