আন্তর্জাতিক ডেস্ক ।। ফিলিপাইনে প্রায় এক সপ্তাহের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫-এ দাঁড়িয়েছে, জাতীয় ও স্থানীয় দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষক সংস্থা সূত্রে জানিয়েছে আলজাজিরা। ভারী বৃষ্টির কারণে দেশটিতে তীব্র বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় ‘জাতীয় দুর্যোগপূর্ণ’ জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। শনিবার মৌসুমি লঘুচাপ ‘ওনিয়ক’ দুর্বল হয়ে গেলেও মধ্য ভিসায়াস দ্বীপপুঞ্জ ও দক্ষিণের মিন্দানাওয়ে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তরের প্রধান দ্বীপাঞ্চল ও কৃষিভিত্তিক লুজনে উত্তরপূর্ব থেকে বয়ে আসা ঠাণ্ডা মৌসুমি বাতাস আর চলতি সপ্তাহের শুরুতে টাইফুন মেলোরের আঘাতে কোমর পর্যন্ত পানি জমে গেছে। মিন্দানাও, বিকল অঞ্চল, মধ্য ও পূর্ব ভিসায়াস এবং অরোরা ও কিউজোন প্রদেশে ভারী বৃষ্টি ও ঝড় হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে। আশঙ্কা রয়েছে বন্যা ও ভূমিধসেরও। ভৌগোলিক কারণে ঘূর্ণিঝড়প্রবণ দ্বীপবহুল ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০ বার লঘুচাপ ও ঝড় হয়ে থাকে।
