নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ।। দিল্লিতে সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে গোপালন ভবনে হামলা চালালো উগ্র হিন্দুত্ববাদীরা। রবিবার তিন যুবক সি পি আই (এম) অফিসের দেওয়ালে কালি ছেটায়, পাথরও ছোঁড়ে। এরপর তারা পার্টি অফিসের বাইরের বোর্ডে পাকিস্তান জিন্দাবাদের মত স্লোগান লেখার চেষ্টা করে। পার্টি অফিসে থাকা সি পি আই (এম) কর্মীরা বেরিয়ে এসে তাদের তাড়া করলে দু’জন পালায়। একজনকে ধরে ফেলা হয়। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সি পি আই (এম) বলেছে, হামলাকারীরা দক্ষিণপন্থী সংগঠনের কর্মী। যদিও দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার যতীন নারওয়াল দাবি করেছেন, ধৃত ব্যক্তি ‘আম আদমি সেনার’ কর্মী বলে পরিচয় দিয়েছে।
দিল্লির CPI(M) কেন্দ্রীয় দপ্তরে হামলার প্রতিবাদে সোমবার আগরতলায় এক প্রতিবাদ মিছিল সংগঠিত করে CPI(M) সদর মহকুমা কমিটি। এদিন রাজধানীর ভানু স্মৃতি ঘোষ ভবনের (CPI(M) সদর মহকুমা দপ্তর) সামনে থেকে এক রাজপথে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
