আন্তর্জাতিক ডেস্ক ।। তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাবতুগুলু দাবি করেছেন, আঙ্কারায় বোমা হামলার পেছনে সিরিয়ার সশ্রস্ত্র কুর্দি সংগঠন ওয়াইপিজে দায়ী। সংগঠনটির নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। দাবতুগুলুর দাবি তুরস্কের কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে একসাথে কাজ করে ওয়াইপিজে। সিরিয়ার কুর্দি সংগঠনটি এ হামলার সঙ্গে তাদের কোনো যোগসূত্র থাকার কথা অস্বীকার করেছে। এদিকে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব তুরস্কে একটি সেনাবহরে বোমা হামলায় ৬ জন নিহত হয়েছে। আঙ্কারায় বুধবারের বোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। দাবতুগুলু জানান, নিহতদের মধ্যে ২৬ জনই সেনাসদস্য। বৃহস্পতিবার তাদের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তুরস্কের প্রধানমন্ত্রীর দাবি, বোমা হামলার সঙ্গে ওয়াইপিজে’র প্রত্যক্ষ সংযোগ রয়েছে। সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ওয়াইপিজে যুদ্ধ করছে।
