মুম্বই, ৩১ অক্টোবর, (এবিপি নিউজ) ।। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীশ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মহারাষ্ট্রের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ৪৪ বছরের ফড়ণবীশ। প্রায় ৩০ হাজার দর্শক বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজ্যপাল সি ভি রাও শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি অমিত শাহ ছাড়াও শিল্পপতি, চলচ্চিত্র জগতের লোকজন, ক্রীড়া ব্যক্তিত্বরা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে হাজির ছিলেন। জল্পনার অবসান ঘটিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানের সাক্ষী রইলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও।ফড়ণবীশ ছাড়াও ৭ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী এদিন শপথ নিলেন। এদিনের অনুষ্ঠানে গরহাজির রইলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরই এনসিপি বিজেপি সরকারকে বাইরে থেকে সমর্থনের কথা জানিয়েছিল। পরে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সময় এনসিপি তাদের বিধায়কদের গরহাজির করিয়ে বিজেপি সরকারকে সুবিধাজনক পরিস্থিতি দেওয়ার কথাও জানিয়েছিল। সেই দলের প্রধানের গরহাজিরা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
