নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী ৷৷ ৩০শে জানুয়ারী, ২০১৭ (সোমবার) ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাধারন মানুষের উপস্থিতিতে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে যাত্রা শুরু করল নবনির্মিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের। বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে খুমলুংস্থিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ২০১৬ সালের শিক্ষাবর্ষ থেকেই এই ইনস্টিটিউশনের পঠন পাঠন সুরু হয়ে গেছে। সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ মিলিয়ে বর্তমানে ১৮০ জন ছাত্র ছাত্রী পড়াশুনা করছেন। উদ্বোধকের ভাষনে রাজ্যের মূখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষার পরিকাঠামোর প্রসারে ধারাবাহিক আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রছাত্রীদের সত্যবাদী, সাহসী, আত্মবিশ্বাসী দেশপ্রেমিক, বিশ্ব ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। মূখ্যমন্ত্রী নবনির্মিত টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। খুমলুং চত্বরে সুদৃশ্য নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যে গড়ে উঠা টি টি এ এ ডি সি পলিটেকনিক ইনস্টিটিউশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী, পরিবহণ মন্ত্রী মানিক দে, TTAADC-র মূখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভি সি অধ্যাপক আঞ্জন কুমার ঘোষ সহ অন্যান্যরা।
