নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ ৷৷ রাজ্য রাজনীতিতে যোগ বিয়োগের যা কিছু হচ্ছে তাঁর সবটাই ২০১৮-র বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। ত্রিপুরার মানুষ রাজনীতির অঙ্গনে ঘটে চলা পরিবর্তনের দিকে সাগ্রহে তাকিয়ে আছেন আদৌ ক্ষমতাসীন দলের বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দির আবির্ভাব হয় কি না। সাম্প্রতিক সময়ে ত্রিপুরার রাজনীতিতে সবচাইতে চমকপ্রদ ঘটনা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের দল ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদান করা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি’তে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তী সহ ১৫ জন নেতৃবৃন্দ। ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে প্রাক্তন মন্ত্রী রতন চক্রবর্তীর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি তে বরণ করে নেন দলীয় নেতৃত্বরা। সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল রাজ্য মন্ত্রী রাজেন গৌহাই, রাজ্য প্রভারী সুনিল দেওধর, বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।