
দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ জুলাই ৷৷ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে কলঙ্ক লেপন করে প্রতারক সাংবাদিকের সংখ্যা বেড়ে চলেছে এই রাজ্যে। সম্প্রতি “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হিসেবে ফেসবুকে পোষ্ট করার মধ্য দিয়ে তিন প্রতারকের ঘটনা উন্মোচিত হয়েছে। হৃদয় রুদ্র পাল, পিঙ্কু দেবনাথ “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র সঙ্গে যুক্ত হিসেবে এবং একধাপ এগিয়ে দেবশ্রী চৌধুরী “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র এডিটর-ইন-চীফ হিসেবে ফেসবুকে পোষ্ট করার জালিয়াতির ঘটনা “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম” কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় দু’মাস আগে। পরবর্তীতে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের তরফে এক মাস আগে তিন ভূয়ো সাংবাদিককে এই ফেসবুকে পোষ্ট সরিয়ে নেওয়ার অনুরোধ জানান, সম্প্রতি সংবাদও প্রকাশ করা হয় এই সংবাদ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মিথ্যে পোষ্ট সরিয়ে নিতে। অন্যথায় আইনানুগ ব্যবস্থার কথাও জানানো হয়। কিন্তু তিন প্রতারক এতে কর্ণপাত করেনি। সংবাদ প্রতিষ্ঠান হিসেবে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র সঙ্গে হৃদয় রুদ্র পাল, পিঙ্কু দেবনাথ এবং দেবশ্রী চৌধুরী কোনোরকম যোগাযোগ নেই জানিয়ে ২৮শে জুলাই, ২০১৭ (শুক্রবার) তিন ভূয়ো সাংবাদিকের নামে “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র তরফে আগরতলা এ ডি নগর থানায় FIR করা হয়েছে।
