আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ সেপ্টেম্বর ৷৷ আজ খুশির ঈদ। ঈদের আনন্দ সবার ঘরে ঘরে। ধনী-গরিব, উচু-নিচু সবাই আজ এক কাতারে। পবিত্র ইদুজ্জোহার দিনে ধর্মপ্রাণ মুসলমানেরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে কোরবানি দেন। প্রায় চার হাজার বছর আগে ঈশ্বরের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম নিজের ছেলেকেই কোরবানি দিতে উদ্যোগী হয়েছিলেন। এরপর পরিবর্তে দুম্বা কোরবানি হয়। সেই থেকেই এই পবিত্র দিনে পশু কোরবানির প্রচলন হয়।গোটা দেশের সঙ্গে শনিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল মুসলীম ধর্মালম্বীদের পবিত্র উৎসব ইদুজ্জোহা। সকালে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুসলমান ধর্মালম্বীরা বিভিন্ন জামাতে ঈদের নামাজ আদায় সহ নানা ধর্মীয় আচারন আচরন করেন। ঈদকে কেন্দ্র করে মসজিদগুলোকে সাজিয়ে তোলা হয়। ঈদের নামাজ আদায়ের পর শুভেচ্ছা বিনিময় করা হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর শিবনগরস্থিত গেদু মিঞা মসজিদের ঈদ গাহ ময়দানে। ঈদের নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল রহমান সাহেব। ঈদকে কেন্দ্র করে মুসলিম ধর্মালম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
