আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর ৷৷ রাজ্য সরকারের অধীনস্ত পি এস ইউ কর্মচারীদের পেনশন এবং প্ন্যান্য অবসরকালীন আর্থিক সুবিধা প্রদানে রাজ্য সরকারের বিভেদমূলক ভূমিকার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেন অল ত্রিপুরা ই পি এস পেনশনার্স এন্ড এমপ্লয়ীজ এসোসিয়েশন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে অল ত্রিপুরা ই পি এস পেনশনার্স এন্ড এমপ্লয়ীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দূর্গেশ চৌধুরী বলেন, রাজ্য সরকারের অধীনস্ত পি এস ইউ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য কোন একক নীতিমালা নেই। রাজ্য সরকারের অধীনস্ত ৪৪টি পি এস ইউ থাকলেও তাদের পেনসন কাঠামো ভিন্ন ভিন্ন। তিনি বলেন, রাজ্য সরকারের অধীনস্ত বেশ কিছু পি এস ইউ-র অবসরপ্রাপ্ত কর্মচারীরা কানাকড়ি না পেলেও কেউ কেউ আবার এক সঙ্গে দুটি পেনসন পাচ্ছেন। এনিয়ে রাজ্যের মূখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে একাধিকবার চিঠি সহ সরাসরি কথা হলেও কাজের কাজ কিছুই হয়নি।শ্রী চৌধুরী বলেন, তাদের দাবী নিয়ে ইতিমধ্যেই মূখ্যমন্ত্রীকে ৩টি চিঠি পাঠিয়েছেন। আগামী এক মাসের মধ্যে আরও ৪টি চিঠি পাঠাবেন। মোট ৭টি চিঠি পাঠিয়েও যদি মূখ্যমন্ত্রী তাঁদের সাথে কথা না বলেন তবে বৃদ্ধ পেনশনার্সরা মূখ্যমন্ত্রীর সরকারী বাসভবন ঘেরাও করবেন।
শ্রী চৌধুরী বলেন, তাঁদের মোট ৫টি দাবির মধ্যে মূল দাবীগুলি হল – অবিলম্বে একই সরকারের অধীনস্ত পি এস ইউ কর্মচারীদের একই ধরনের পেনশন বেনিফিটের আওতায় আনতে হবে।
রাজ্য সরকারের বিভেদমূলক নীতি পরিহার করে পেমেন্ট অফ গ্র্যাচুয়িটি আইন অনুয়ায়ী এক মাসের মধ্যে সকল পি এস ইউ কর্মচারীদের একই ভাবে গ্র্যাচুয়িটি প্রদান করা।
রাজ্য সরকারের সকল পি এস ইউ কর্মচারীদের জন্য একটি অভিন্ন সার্ভিস রুল চালু করা প্রভৃতি।
