ইন্টারনেট পরিষেবা বন্ধে স্তব্ধ জনজীবন, আইনশৃঙ্খলা বিনষ্টের অজুহাত

netআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের আইনশৃঙ্খলা বিনষ্টের অজুহাত তুলে ৩ দিন ধরে রাজ্যের ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে রেখেছে রাজ্য প্রশাসন। অতি সম্প্রতি দুষ্কৃতকারীদের হাতে সাংবাদিক শান্তনু ভৌমিকের হত্যার পর থেকেই গোটা রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা সহ এস এম এস সার্ভিস বন্ধ করে রেখেছে। একমাত্র বি এস এন এল-র ব্রডব্যান্ড পরিষেবা সচল আছে। তাও ব্রডব্যান্ডের গতি খুব কম। রাজ্যের একাংশ মহলের অভিমত, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থ প্রশাসন। উল্টো রাজ্যবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে রেখেছে। রাজ্যকে গোটা বিশ্বের সাথে বিচ্ছিন্ন করে রেখেছে। গত ৩ দিন ধরে রাজ্যের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পুজোর মরশুমে ব্যহত হচ্ছে অনলাইন শপিং সাইটগুলো। সমস্যায় পড়ছেন অনলাইন নিউজ পোর্টালগুলোও। নিউজ ওয়েবসাইটগুলোও সঠিক ভাবে সংবাদ প্রচার করতে পারছেনা। রাজ্যের নবীন প্রজন্ম এবং রাজ্যের বাইরে পড়ুয়া সহ কর্মরত রাজ্যের জনগন এখন বেশীর ভাগ রাজ্যের নিউজ ওয়েবসাইট থেকে অনলাইনে ত্রিপুরার খবর পড়েন, তারাও রাজ্যের খবর জানা থেকে বঞ্চিত হচ্ছেন। সমস্যায় পড়ছেন জাতীয় সংবাদ মাধ্যমে কর্মরত রাজ্যের প্রতিনিধিরাও রাজ্যের সংবাদ ও বর্তমান পরিস্থিতি নিয়ে খবর পাঠাতে। একাংশ মহলের অভিমত, সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ না করে শুধুমাত্র মোবাইলে সোশ্যাল মিডিয়ার কয়েকটি সাইট কিছু সময়ের জন্য বন্ধ করে রাখলেই এই সমস্যা এড়ানো যায়। শুধুশুধু আইনশৃঙ্খলা বিনষ্টের অজুহাত দেখিয়ে পূজোর প্রাক্কালে সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে প্রশাসন রাজ্যবাসীর দুর্ভোগ আরও বাড়িয়েছে। তবে কবে নাগাদ এই ইন্টারনেট পরিষেবা সচল হবে এই সংক্রান্ত কোনও তথ্য জানাযায়নি প্রশাসনের তরফে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*