আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর ৷৷ পরিবার পরিজন এবং সহকর্মীদের চোখের জলে চির বিদায় নিল প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সম্পন্ন হল তার শেষকৃত। বুধাবার ময়না তদন্তের পর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মরদেহ নিয়ে আনা হয় আগরতলা ইন্দ্রনগরস্থিত নিজ বাড়িতে। সেখান থেকে সাংবাদিকরা বাইক মিছিল করে তার মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেস ক্লাবে। সেখানে তার মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যা, সমাজসেবী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক জগতের লোক সহ সাংবাদিকরা। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরাও সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে শেষ শ্রদ্ধা জানাতে আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব থেকে সুদীপ দত্ত ভৌমিককে মরদেহ নিয়ে আসা হয় স্যন্দন পত্রিকা এবং নিউজ ভ্যানগার্ড চ্যানেলর অফিসে। সেখানে তার সহকর্মীরা মরদেহে পুস্পার্ঘ অর্পণ করে শেষ শ্রদ্ধা জানায়। কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা। পরে বটতলা মহাশ্মশানে তার অন্ত্যোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়েছে।উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর, ২০১৭) প্রকাশ্যে দিনের বেলায় রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী ত্রিপুরা স্টেট রাইফেলস (TSR) জওয়ানের হাতে খুন হল রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা স্যন্দন পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। মঙ্গলবার বোধজংনগর থানার অন্তর্গত আর কে নগর টি এস আর দ্বিতীয় ব্যাটিলিয়ানের জওয়ান নন্দলাল রিয়াং তাকে রহস্যজনক ভাবে গুলি করে হত্যা করে।
