আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ ত্রিপুরা প্রদেশ বিজেপি’র মূখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচীর হুমকির পর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। রবিবার বিকেলে সাংবাদিক সন্মেলন করে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেছিলেন, ২৪ ঘন্টার মধ্যে অক্ষত অবস্থায় তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মীকে পুলিশ উদ্ধার করতে না পাড়লে ২৪ ঘন্টা পর (সোমবার বিকেল ৪টার পর) মূখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে গণ ধর্নায় বসবে বিজেপি। তিনি বলেন, এই ধর্না ততক্ষন চলবে যতক্ষন পর্যন্ত না ব্যাঙ্ক কর্মীদের অক্ষত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হবে। বিজেপি’র এই হুমকির পড়েই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন।সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে বিজেপি’র মুখপাত্র ডাঃ অশোক সিনহা জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজেপি নেতাদের কাছে আবেদন জানানো হয় মূখ্যমন্ত্রীর সরকারি আবাদের সামনে ঘেরাও কর্মসূচী থেকে বিরত থাকার জন্য। তিনি জানান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানায়, পুলিশ এই ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করছে। পুলিশ প্রশাসনের এই আবেদনের পর বিজেপি’র এই ঘেরাও কর্মসূচী থেকে সরে দাঁড়িয়েছেন। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় ব্যাঙ্ক থেকে বাড়ি ফেরার পথে তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মী নিখোঁজ হয়ে যায়। রবিবার অপহৃত চার ব্যাঙ্ক কর্মীর গাড়ি ও বাইক উদ্ধার করেছে পুলিশ। কিন্তু এখনও অপহৃত তৈদু গ্রামীণ ব্যাঙ্কের ম্যানেজার সহ চার ব্যাঙ্ক কর্মীর কোনও হদিস পায়নি পুলিশ।
বিজেপি’র এদিনের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি’র নারী নেত্রী কল্যাণী রায় এবং নেতা প্রসেনজিৎ চক্রবর্তী।
