আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর ৷৷ ‘হয় চাকরি নতুবা মৃত্যু’ এই দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরের পরে সড়কপথ ও রেলপথ অবরোধে বসেছিল চাকরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকার একাংশ। এদিন মনু থানাধিন এস কে পাড়া এলাকার ৪৪নং জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করে বসেন চাকরিচ্যুতরা। অবরোধে বসে অল ত্রিপুরা ১০৩২৩ টিচার্স এসোসিয়েশানের কনভেনার উত্তম কুমার দে বলেছিলেন, যতক্ষন তাদের দাবি মানা না হবে ততক্ষন তারা এই অবরোধ আন্দোলন চালিয়ে যাবে। কিন্তু দেখা গেল ২৪ ঘন্টার মধ্যেই অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারনে জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ প্রত্যাহার করে নেন চাকরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা। কনভেনার উত্তম কুমার দে জানালেন, আগামী দিনে নতুন করে ফের আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ চাকরি হারাচ্ছেন রাজ্যের ১০,৩২৩ জন শিক্ষক-শিক্ষিকা।
