আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ জানুয়ারি ৷৷ অবশেষে উদ্ধার হল ডুম্বুর জলাশয়ে তলিয়ে যাওয়া দুই শিশুর দেহ। শেষ পর্যন্ত টানা তিন দিনের মাথায় সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টা নাগাদ উদ্ধার হল ডম্বুর জলাশয়ে গাড়ি সহ তলিয়ে যাওয়া কুশ রাহা (৪) এবং আরধ্যা হাজরার (৬) মৃতদেহ। এদিন ডম্বুর জলাশয়ের অগভীর অংশ থেকে দুই শিশুর দেহ উদ্ধার করতে সক্ষম হয় বিপর্যয় মোকাবিলা টিমের কর্মীরা। মৃতদেহ উদ্ধার হতেই শোকের ছায়া নেমে আসে নিহত শিশুদের পরিজন থেকে শুরু করে গোটা অমরপুরে। মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতেই কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনরা।বিকালে তাদের শেষ কৃত্য সম্পন্ন হয়।প্রসঙ্গত, শনিবার বিকেলে করবুক মহকুমার মন্দিরঘাট এলাকায় পিকনিক সেরে ফেরার পথে একটি পিকআপ গাড়িতে খেলার ছলে গাড়ি সহ ডুম্বুর জলাশয়ে তলিয়ে যায় দুই শিশু আরাধ্য হাজরা এবং অভিরুপ রাহা।
