
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ ১৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকেল ৪টায় শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের সরব প্রচার। এই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৪টা থেকে ১৮ই ফেব্রুয়ারী নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত ৪৮ ঘন্টা সমগ্র পশ্চিম ত্রিপুরা জেলায় ১৪৪ ধারা জারি থাকবে। শুক্রবার দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ে আহুত এক সাংবাদিক সন্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা জেলা নির্বাচন নিবন্ধন আধিকারিক ডঃ মিলিন্দ রামটেকে এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, ১৪৪ ধারা জারি চলাকালীন সন্ধ্যার পর থেকে ৪ এর অধিক লোক দলবদ্ধ হয়ে জটলা করতে পারবেনা, কোন অস্ত্র-শস্ত্র বা লাঠি সোটা নিয়ে চলাফেরা করা যাবে না। উচ্চস্বরে মাইক বাজানো যাবে না।
