আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচন। কোনও জায়গা থেকেই গোলমালের খবর পাওয়া যায়নি। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজধানীর বনমালীপুর থেকে দু’টি বোমা উদ্ধার করা হয়েছে। সেগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে। বিকেল চারটে পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ। এবার প্রথম উত্তর-পূর্বের এই রাজ্যে বামেদের সঙ্গে মুখোমুখি লড়াই বিজেপি’র। মানিক ছেড়ে ‘হিরে’র প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তবে বামেরাই ক্ষমতায় ফিরতে চলেছে বলে এদিন ফের দাবি করেছেন আত্মবিশ্বাসী মানিক সরকার। বিজেপির আবার দাবি, পরিবর্তন চাইছেন মানুষ। এতদিন বিকল্প ছিল না। এবার পরিবর্তন নিশ্চিত।