আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল ৷৷ চিটফান্ড ইস্যুতে রাজ্যে এলো সি বি আই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়িকা বিজিতা নাথকে জেরা করার জন্য রাজ্যে ফের সি বি আই এলো। বুধবার বিকেলে রাজধানীর আগরতলার শিশু বিহার স্কুল সংলগ্ন দুই নম্বর এমএলএ হোস্টেলে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়িকা বিজিতা নাথকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সি বি আই।জানা গেছে, রোজভ্যালি চিটফান্ড সংক্রান্ত বিষয়ে সি বি আই’র দুইজন সদস্য বিধায়িকা বিজিতা নাথকে জিজ্ঞাসাবাদ করেছে। এ বিষয়ে আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সি বি আই সদস্যরা। তবে কি কি প্রশ্ন করেছে সেই বিষয়ে সাংবাদিকদের কিছু জানান নি বিধায়িকা বিজিতা নাথ।
উল্লেখ্য, ২৬ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বাম বিধায়ক বাদল চৌধুরীকে আগরতলাস্থিত বিধায়কের আবাসে জেরা করবে সি বি আই। পাশাপাশি গত ২৬ আগষ্ট ২০০৪ থেকে মার্চ ২০০৮ পর্যন্ত প্রাক্তন অর্থ মন্ত্রী বাদল চৌধুরীর প্রাইভেট সেক্রেটারি যিনি ছিলেন উনাকেও আগামী ২৬ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে আগরতলা গোর্খাবস্তিস্থিত সি বি আই ইউনিট অফিসে গিয়ে ডেপুটি এস পি টি বর্ধনের সামনে হাজির হতে বলা হয়েছে।
