আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর ৷৷ রাজ্যের প্রত্যন্ত এলাকায় ফের দেখা দিয়েছে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব। ম্যালেরিয়ার কারণে গত কিছু দিনে কয়েকজনের মৃত্যু হয়েছে রাজ্যে। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রচুর। গন্ডাছড়া সহ কাঞ্চনপুর, গঙ্গানগর, দলপতি, রাইমাভ্যালি ও লংতরাইভ্যালি ইত্যাদি এলাকায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধিদল গন্ডাছড়ার বিভিন্ন এলাকার পরিস্থিতি মাঠ পর্যায়ে পর্যবেক্ষন করেন। এদিন মিশন ডিরেক্টর শৈলেস যাদবের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের একটি প্রতিনিধি দল গন্ডাছড়ায় ম্যালেরিয়া প্রবণ এলাকা সফর করেন। স্থানীয় স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসকদের সাথে কথা বলেন। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ রয়েছে কিনা তার খোঁজখবর নেন। সচেতনতা বাড়ানোর জন্য পরামর্শ দেন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের। জানা যায়, বিভিন্ন এলাকায় গিয়ে শিবিরে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের রক্ত পরীক্ষা করছেন ও আক্রান্তদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।উল্লেখ্য, সোমবার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী সুদীপ রায় বর্মণ সাংবাদিক সন্মেলন করে বলেন, রাজ্যের ম্যালেরিয়া পরিস্থিতি মোকাবেলা করার জন্য সব স্তরের স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছেন। তিনি বলেন রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রায় এক লাখের বেশি মানুষের রক্তের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মাত্র ৭ হাজার ৪৮ জন মানুষের শরীরে ম্যালেরিয়ার জীবানু পাওয়া গেছে। তবে সব চেয়ে বেশি ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে ধলাই জেলায়। তিনি জানান, ধলাই জেলায় বর্তমানে ৯৪৩ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন।
